রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর সোয়া চারটার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডের ‘মারিয়া আব্দুল্লাহ ফুড’ নামের ওই কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো– মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। তাদের মধ্যে মোস্তফা রংপুরের তারাগঞ্জ উপজেলার মজনু মিয়ার ছেলে। আর মাহমুদুল এই উপজেলার ইসলাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও কারখানাটির কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, আমরা পূর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুড নামে ওই চিপস তৈরির কারখানায় কাজ করি। টিনশেডের দুইতলা এই কারখানার মালিক আমিরুল ইসলাম। গতরাতে আমরা মোট ১০ জন কর্মচারী কারখানার ভিতরে ছিলাম।
তিনি আরও জানান, গতরাত ১০টার তারা খাওয়া-দাওয়া করে কারখানার দুইতলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এরপর নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজে ঘুম ভেঙে যায়। কারখানার সবাই বাইরে বের হতে সক্ষম হলেও মোস্তফা এবং মাহমুদুল বের হতে পারেনি। আগুন নিভানোর পর দুইতলা থেকে তাদের মরদেহ পাওয়া যায়।
কারখানার নিচতলায় শটসার্কিট থেকে আগুন লেগেছে– এমনটাই জানতে পেরেছেন বলে জানান রাকিবুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, রবিবার রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।
৩ সন্তানের জীবন বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বাবা-মা৩ সন্তানের জীবন বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বাবা-মা
তিনি আরও জানান, আগুনে পুড়ে ওই দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।