বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর সংঘটিত বর্বরতা ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, এ ধরনের নির্মমতা দেখে তারা গভীরভাবে ‘মর্মাহত ও স্তম্ভিত’।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সএক বিবৃতিতে বলেন, চলতি বছর দেশে নারী ও শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, প্রতিরোধব্যবস্থা, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ক্ষেত্রে বিদ্যমান ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে।
শিশু, নারী, পরিবার ও সমাজের বিরুদ্ধে যেকোনো সহিংসতা বা নির্যাতনের ঘটনায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।
এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া এক ধরনের নতুন নির্যাতন। এতে তাদের এবং পরিবারের মানসিক কষ্ট আরও বেড়ে যায় এবং এটি ভুক্তভোগীদের প্রতি চরম অসম্মান প্রদর্শনের শামিল।