মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মিষ্টি ও রসালো লিচু কিনতে যেসব ভুল করবেন না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১০:৫৬ am

গরম পড়তেই বাজারে দেখা মিলতে শুরু করেছে রসালো লিচুর। লাল টুকটুকে এই ফল দেখলেই অনেকের জিভে পানি আসে। তবে এখন শুধু সুন্দর দেখতে লিচু কিনলেই হবে না, খেয়াল রাখতে হবে সেটি নিরাপদ কি না। কারণ অনেক সময় লিচুকে বেশি লাল ও টাটকা দেখাতে কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার করা হয়। আবার অপরিপক্ব লিচুকেও পাকানো হয় বিভিন্ন রাসায়নিক দিয়ে। তাই বাজার থেকে লিচু কেনার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।

রং দেখেই অনেকটা বোঝা যায়
লিচু কেনার সময় প্রথমেই খেয়াল করুন এর খোসার রং কেমন। বিভিন্ন জাতের লিচুর রং আলাদা হতে পারে। কোনোটি গাঢ় লাল, কোনোটি হালকা কমলা বা বাদামি আভাযুক্ত হয়। তবে ভালো ও পরিপক্ব লিচুর রং সাধারণত উজ্জ্বল এবং স্বাভাবিক দেখায়। খুব বেশি চকচকে বা অস্বাভাবিক উজ্জ্বল লাল রংয়ের লিচু দেখলে সতর্ক হওয়া ভালো। কারণ অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে কৃত্রিম রং ব্যবহার করা হয়।

বেশি নরম লিচু কিনবেন না
লিচু হাতে নিয়ে হালকা চাপ দিয়ে দেখুন। যদি খুব বেশি নরম লাগে, তাহলে সেটি অতিরিক্ত পাকা বা ভেতর থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভালো লিচু হবে টানটান ও সতেজ। অতিরিক্ত নরম লিচুর ভেতরে অনেক সময় টক গন্ধ বা পচা অংশও থাকতে পারে।

গন্ধ বুঝে কিনুন
পাকা লিচুর একটি মিষ্টি ও সতেজ গন্ধ থাকে। নাকের কাছে ধরলেই সেই সুগন্ধ বোঝা যায়।কিন্তু কেমিক্যাল দেওয়া বা অপরিপক্ব লিচুতে সাধারণত সেই স্বাভাবিক মিষ্টি গন্ধ থাকে না। যদি লিচুতে অদ্ভুত বা কড়া গন্ধ পাওয়া যায়, তাহলে সেটি না কেনাই ভালো।

রং মেশানো কি না পরীক্ষা করুন
অনেক সময় কাঁচা লিচুকে লাল দেখাতে এর গায়ে রং ব্যবহার করা হয়। তাই বাসায় এনে লিচু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। যদি পানির রং লালচে হয়ে যায় বা হাতে রং লাগে, তাহলে বুঝতে হবে লিচুর গায়ে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে।

দাগ বা ফাটল আছে কি না দেখুন
ভালো লিচুর খোসা সাধারণত পরিষ্কার ও সতেজ থাকে। খোসায় বাদামি দাগ, ফাটল বা পচা অংশ থাকলে সেই লিচু এড়িয়ে চলুন। বিশেষ করে লিচুর মুখ বা ডাঁটির অংশ পচা থাকলে ভেতরেও নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই ডালযুক্ত ও টাটকা লিচু কেনাই ভালো।

খোসা সহজে ছাড়ালে বুঝবেন পাকা
লিচুর খোসা ছাড়িয়ে দেখলেও অনেক কিছু বোঝা যায়। পাকা ও মিষ্টি লিচুর খোসা সাধারণত সহজেই খুলে আসে। আর যদি খোসা শক্তভাবে আটকে থাকে বা ভেতরে বাদামি দাগ দেখা যায়, তাহলে সেটি ভালো নাও হতে পারে।

কেনার পর যা করবেন
বাজার থেকে লিচু এনে সরাসরি না খেয়ে আগে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে ঘণ্টাখানেক পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে ময়লা বা কৃত্রিম রঙের কিছু অংশ দূর হতে পারে।
সতর্কভাবে লিচু কিনলে গরমের এই জনপ্রিয় ফল খাওয়ার আনন্দ যেমন বাড়বে, তেমনই স্বাস্থ্যঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD