শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শেয়ারবাজারে বাজার মূলধন কমলো প্রায় আড়াই হাজার কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬ ১২:৩৪ pm

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহে (২৬-৩০ এপ্রিল) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানগুলোর বাজার মূলধন কমেছে ২ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি। আর অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় আলোচিত সপ্তাহে এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচকও কমেছে। তবে বেড়েছে ঢাকার এই শেয়ারবাজারে দৈনিক গড় লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি সিকিউরিটিজের দাম।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৭ পয়েন্ট। আর শরিয়াহ কোম্পানিগুলো সূচক ডিএসইএস ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্ট নেমেছে। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে উঠেছে।

ডিএসইতে গত সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকার সিকিউরিটিজ। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২০২ কোটি ৭৩ লাখ টাকা।

এই হিসাবে প্রতি কার্যদিবসে এক্সচেঞ্জটির গড় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৫৫ লাখ টাকা বা ৪ দশমিক ৪৯ শতাংশ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৪ লাখ টাকা।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ বা ২ হাজার ৪৩২ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা।

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসআই যথাক্রমে দশমিক ১৭ শতাংশ ও দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮০৬ পয়েন্টে ও ৮৮৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক দশমিক শূন্য ২ শতাংশ ও সিএসই-৫০ সূচক দশমকি শূন্য ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৬২ পয়েন্টে ও ১ হাজার ১১৩ পয়েন্টে। তবে এক্সচেঞ্জটি প্রধান মূল্যসূচক সিএসসিএক্স দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৯ হাজার ৯৩ পয়েন্টে উঠেছে।

গত সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে হয়েছিল ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD