শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

২৬ জুন তারেক রহমান-শি জিনপিং বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬ ৩:৫০ pm

আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ২৫ জুন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তাঁর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরের বিস্তারিত সূচি গণমাধ্যমকে জানান।

পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে প্রধানমন্ত্রী চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডালিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেদিন সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন। পরদিন ২৩ জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ‘সামার দাভোস’ সম্মেলনে অংশগ্রহণকারী কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

চীন সফরের প্রথম দিন বিকেলে ডব্লিউইএফ সম্মেলনের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে অংশ নেবেন।

২৪ জুন সকালে প্রধানমন্ত্রী ‘সামার দাভোস’-এর ১৩তম বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। অনুষ্ঠান শেষে তিনি ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে’ অবস্থান করবেন।

২৫ জুন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সেন্ট্রাল কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিআইডিসিএ) চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং চীনা ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানাবেন।

বিকেলে চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পরে প্রধানমন্ত্রী তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।

২৬ জুন চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

এদিন প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গিয়ে বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পররাষ্ট্র সচিব জানান, ২৬ জুন বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন।

তিনি আরও জানান, বেইজিং সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা বর্তমানে ২৮ জন। প্রতিটি ক্ষেত্রে সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।

আসাদ আলম সিয়াম বলেন, ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’-এর ভিত্তিতে এই সফর বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশা করি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD