গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকা এবং উভয়ের যুদ্ধবিরতিকে ঘিরে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৫ দশমিক ৬৩ ডলারে এবং অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৭৩ ডলারে।
জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গতকাল বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম (প্রতি ব্যারেলে) বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ। গড় হিসেবে উভয় ব্র্যান্ডের তেলের দাম বেড়েছে ৪ শতাংশ।
১৬৭ কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালি পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই জলপথ খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় চতুর্থাংশ পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে এই প্রণালি নিয়ন্ত্রণ করছে আইআরজিসি। হরমুজ বন্ধ করার পর ইরানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে যদি কোনো জাহাজ হরমুজ পেরোতে চায়, তাহলে অবশ্যই সেই জাহাজের ক্যাপ্টেনকে আইআরজিসির অনুমতি নিতে হবে।
এদিকে, টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অবরোধ এখনও বলবৎ আছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে কার্যত জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে এবং এর ফলে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতাও দিন দিন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে।
সূত্র : এএফপি