সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সিঙ্গাইরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর (মানিকগঞ্জ): “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শনিবার (২০ জানুয়ারি) দিনব্যাপী এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসার শিক্ষার্থীরা।

এদিন সকাল ৯ টায় খেলা শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (ওসি) জিয়ারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম আব্দুল হান্নান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম।

সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান ও সাংবাদিক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আক্রাম হোসাইন ও তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী প্রমুখ।

পরে খেলায় বিজয়ী ও রানার্সআপ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ অন্যান্য অতিথিরা।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD