রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৪:২১ pm

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের পুনর্নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের নতুন ভাড়া সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সরকার প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

মহানগরীর ভাড়া ও নিয়মাবলি বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই নতুন ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাসের ক্ষেত্রে কার্যকর হবে না। ভাড়ার ক্ষেত্রে ভগ্নাংশ আসলে সেটি ৫০ পয়সার বেশি হলে ১ টাকা হিসেবে গণ্য হবে এবং ৫০ পয়সার কম হলে তা বাদ দিতে হবে। এছাড়া এসিবাসের ভাড়া সরকার নির্ধারণ করে না বিধায় তা মালিকপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকার কিছু গুরুত্বপূর্ণ রুটের ভাড়া:

গুলিস্তান-গাজীপুর: ৪১.৫ কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা (প্রতি কিমি ২.৫৩ টাকা)।

চিড়িয়াখানা-কেরানীগঞ্জ: ২১ কিলোমিটার দূরত্বের এই পথে পুরো ভাড়া ৫৩ টাকা। তবে চিড়িয়াখানা থেকে টেকনিক্যাল পর্যন্ত সর্বনিম্ন ১০ টাকা এবং শ্যামলী পর্যন্ত ১৪ টাকা ভাড়া দিতে হবে।

চট্টগ্রাম মহানগরীর ভাড়া:

কালুরঘাট-নিউমার্কেট: ১৪ কিলোমিটার পথের ভাড়া ৩৫ টাকা। তবে চকবাজার থেকে নিউমার্কেট পর্যন্ত সর্বনিম্ন ১০ টাকায় যাতায়াত করা যাবে।

নিউমার্কেট-বিমানবন্দর: ১৮.৬ কিলোমিটার পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা।

দূরপাল্লার ভাড়া ও আসন বিন্যাস দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটি মূলত ৫১ আসনের বাসের জন্য প্রযোজ্য। তবে আসন কমিয়ে ৪০টি করা হলে আনুপাতিক হারে ভাড়া বাড়বে। পাশাপাশি পথের ফেরি ও সেতুর টোলও ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

আন্তজেলা রুটের ভাড়া:

ঢাকা-চট্টগ্রাম (২৪২ কিমি): ৫১ আসনের বাসে ৫৫২ টাকা এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা।

ঢাকা-সিলেট (২৫৭ কিমি): টোলসহ ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা।

ঢাকা-বরিশাল (পদ্মা সেতু হয়ে): ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা।

ঢাকা-রাজশাহী (২৬৭ কিমি): যমুনা সেতুর টোলসহ ৫১ আসনের বাসে ৬২৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৭ টাকা।

ঢাকা-ময়মনসিংহ (১১৬ কিমি): টোল না থাকায় ৫১ আসনের বাসে ২৫৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৩০ টাকা।

বিআরটিএ জানিয়েছে, তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে এই ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD