বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৩:০৫ pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদী শাসনের ভাষা ও আচরণ অনুসরণ করলে তা গণতন্ত্রের রাজনীতির অন্তরায় হবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা যদি শেখ হাসিনার দেখানো পথে ও ভাষায় কথা বলি, সেটি ফ্যাসিবাদবিরোধী রাজনীতির অন্তরায় হিসেবে দেখা দেবে। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই সুযোগ কোনোভাবেই প্রতিহিংসা বা অপব্যবহারের জন্য নয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন, তবে বিএনপিতে তার স্থান হবে না।

মাদক ও সন্ত্রাস দমনে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও সীমান্তবর্তী যশোরে চোরাচালান, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সমাবেশ শেষে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও নগর বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD