গ্যাস প্রাপ্তি সাপেক্ষে জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু করার আশ্বাস দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল কবির তালুকদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার প্রশ্ন করেন, যমুনা সার কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু রাখা এবং স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না।
জবাবে শিল্পমন্ত্রী বলেন, “ফার্টিলাইজার ফ্যাক্টরিটি চালু করতে কোনো সমস্যা নেই, এটি উৎপাদনে সক্ষম। মূল সমস্যা হলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নেই। গ্যাসের অপ্রতুলতার বিষয়টি জ্বালানি মন্ত্রী আগেই ব্যাখ্যা করেছেন।”
মন্ত্রী আরও জানান, সার কারখানাগুলোর জন্য একটি ডেডিকেটেড গ্যাস নেটওয়ার্ক তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে সেটি অনুকূল হলে ওই পথে আগানো হবে।
কৃষকদের সার দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার প্রত্যেক মৌসুমে ভর্তুকি দিয়ে কৃষকদের সার সরবরাহ করে আসছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিপূরক প্রশ্নে সংসদ সদস্য সরিষাবাড়ির বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল, পপুলার জুট মিল ও এয়ার জুট মিল পুনরায় চালু করার বিষয়ে জানতে চান। এর জবাবে মন্ত্রী জানান, পাটের বিষয়গুলো আলাদা মন্ত্রণালয়ের আওতাভুক্ত। মিলগুলো সম্পর্কে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নোটিশ দিলে বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব হবে।