রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের সময় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের মুখে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেন অনেকে। এমনই এক অদ্ভুত ঘটনায় গুলিস্তান এলাকার একটি ড্রেনের ভেতর থেকে লুকিয়ে থাকা অবস্থায় এক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর পথ খুঁজতে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েন।
পুলিশ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে এবং গোপন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে সেখানে জড়ো হয়েছিল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছে বলে গোয়েন্দা সূত্রে তথ্য ছিল। অভিযানের সময় ওই এলাকার চারপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পরে তল্লাশি চালিয়ে ড্রেনের ভেতর থেকে ভেজা ও করুণ অবস্থায় ওই নেতাকে উদ্ধার করা হয়।
এই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক