শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ক্ষমতায় এসে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: গণপূর্তমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬ ৯:৪১ pm

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ ব্যাপক লুটপাট করে দেশের অর্থনীতির দুরবস্থা করে গেছে। আমরা ক্ষমতায় এসে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। দেশের অবস্থার পরিবর্তন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিনমাসে আমাদের সরকার জনগণের কল্যাণে অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন।

শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে একেএম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন এ সরকারকে কামিয়াব করেন।

মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এতে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনিসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD