বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

করের হার নয়, বাড়বে করের আওতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬ ৪:৫৭ pm

করের হার বৃদ্ধি না করে করের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন করদাতাদের অন্তর্ভুক্ত করে রাজস্ব আহরণের ভিত্তি আরও শক্তিশালী করা হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতিতে স্থবিরতা থাকলেও গত চার মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগে রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথমবারের মতো চার লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে।

তিনি বলেন, কর প্রশাসনকে আধুনিক ও কার্যকর করার পাশাপাশি করদাতার সংখ্যা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এতে করের হার না বাড়িয়েই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই ঋণ ব্যবস্থাপনার নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি জানান, সরকারের মোট ঋণের চাপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে প্রবৃদ্ধি ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD