বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

এইচএসসিতে অনুপস্থিত ২৮ হাজার, বহিষ্কার ২১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৮:৩৪ pm

এইচএসসি ও সমমান পরীক্ষার ১৫তম দিনে সারাদেশে দুই শিফটে ১০ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ২৮ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সাথে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ২১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে আজকের পরীক্ষায় কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হননি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এসব তথ্য জানিয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, আজ সকালের শিফটে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রের মাধ্যমে ৮ লাখ ২ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭ লাখ ৮০ হাজার ৪০৫ জন। সাধারণ বোর্ডে অনুপস্থিত ছিল ২২ হাজার ১৪৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে সাধারণ ৯টি বোর্ড থেকে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ৬ জন, যশোর বোর্ডে ২ জন এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

একই শিফটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫টি বিষয়ে (রসায়ন ১ম পত্র, অর্থনীতি ১ম পত্র, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, উর্দু ১ম পত্র ও ফারসি ১ম পত্র) ৪৬০টি কেন্দ্রে ৮১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৬ হাজার ৪৫৫ জন। এতে অনুপস্থিত ছিল ৫ হাজার ৪০১ জন পরীক্ষার্থী এবং বহিষ্কার হয়েছে ৭ জন।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ই-মার্কেটিংরবিষয়ের পরীক্ষায় ৬১১টি কেন্দ্রে ১৬ হাজার ৫১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৯২৩ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৫৪৭ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরো জানিয়েছে, আজ বিকেলের শিফটে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে খাদ্য ও পুষ্টি ২য় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলের শিফটে ৮টি কেন্দ্রের আওতায় ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং মাত্র ৩ জন (সবাই ঢাকা বোর্ডের) অনুপস্থিত ছিলেন।

তবে বিকেলের শিফটে মাদ্রাসা, কারিগরি এবং ঢাকা বোর্ডের অধীন বিদেশের কেন্দ্রসহ বেশ কয়েকটি সাধারণ বোর্ডে কোনো পরীক্ষা ছিল না।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD