সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আছিয়া সি ফুডসের পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব বাতিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুডস লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ ইস্যুর আবেদনটি চূড়ান্তভাবে বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক বিবরণীর ওপর নিরীক্ষকের আপত্তিকর বা শর্তযুক্ত মতামত থাকায় কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিএসইসির ক্যাপিটাল ইস্যু বিভাগ থেকে আছিয়া সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীর ওপর কোম্পানিটির নিরীক্ষক কিছু আপত্তি ও শর্তযুক্ত মতামত প্রকাশ করেছেন। নিরীক্ষকের এই কোয়ালিফাইড ওপিনিয়নের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিএসইসি কোম্পানিটির ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশের আবেদনটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, এর আগে আছিয়া সি ফুডসের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। পাশাপাশি পরিশোধিত মূলধন বাড়ানোর উদ্দেশ্যে বিএসইসির কাছে কয়েক দফায় আবেদন জানিয়েছিল কোম্পানিটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে প্রায় ৩৭ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪০ টাকা। এই মূলধনকে ৫০ কোটি ৪২ লাখ টাকায় উন্নীত করার লক্ষ্যে তারা ৩৫ শতাংশ বোনাস শেয়ার বা প্রায় ১৩ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১৬৯ টাকার সমপরিমাণ নতুন শেয়ার ইস্যু করতে চেয়েছিল কোম্পানিটি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD