সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মোস্তাফিজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৮ am

আইপিএলে চড়া দামে দল পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামা না হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসারকে।

পিএসএলের একাদশ আসরের জন্য সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

লাহোর কালান্দার্স মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার সমান।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন মোস্তাফিজ। পুরোনো ঠিকানায় ফেরাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষও। দলটির মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত সিদ্ধান্তের পাশাপাশি আবেগঘন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, “একবার কালান্দার্স মানেই আজীবন কালান্দার্স। মোস্তাফিজ আমাদের কাছে শুধু একজন ক্রিকেটার নন, তিনি পরিবারেরই একজন। তাকে আবার ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা ভীষণ খুশি। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।”

মোস্তাফিজকে দলে নেওয়ায় লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রেখেছে। এই তালিকায় রয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈম।

উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেললেও আসন্ন পিএসএল আসরের জন্য এই তিন বাংলাদেশি ক্রিকেটারকে আর রিটেইন করেনি দলটি

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD