শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

থাইল্যান্ডে অল্পের জন্য বাংলা স্কুলের স্ক্যাম থেকে বাঁচলাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৮ pm

আমার ছেলের বয়স যখন ২ বছর ৯ মাস, তখন থেকে স্কুল খুঁজতে শুরু করলাম। এখানে বাংলা ভাষার স্কুলের কোনো ব্যবস্থা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে প্রবাসী এক বাংলাদেশিকে দেখলাম তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে। স্কুলের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের পতাকাও দেখলাম।

থাইল্যান্ডে ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ার ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর খরচ অনেক। বছরে যা প্রায় ৫ থেকে ১০ হাজার ডলার। সেগুলোতে আর বাংলা শেখার সুযোগ নেই। এছাড়া নামকরা স্কুলগুলো সব প্যাগোডা ভিত্তিক। সেখানে সব ধর্মের শিক্ষার্থীরাই যেতে পারে।

প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা হলো। তিনি বললেন, ওই স্কুলের নাম স্কলার্স গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা রয়েছে। এছাড়াও মিয়ানমার, কম্বোডিয়া, লাওসের শিক্ষার্থীরাও রয়েছে।

একজন বাংলাদেশি শিক্ষক থাকাতে তার সন্তানরা এখানে বাংলাও শিখতে পারছে বলে বেশ খুশি প্রকাশ করেন তিনি। আমাকেও উৎসাহ দিলেন আমার ছেলেকে ভর্তি করার জন্য। আমার বাসা থেকে স্কুলটির দূরত্ব প্রায় ২০ কিলোমিটারের বেশি। ব্যাংককের ট্রাফিক ঠেলে সকালে এত দূরে স্কুলে পাঠানো খুব কঠিন কাজ। কিন্তু সেই প্রবাসী জানালেন, স্কুলের বাস রয়েছে। যেটা পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়। তারপরও পথে এত সময় খরচ করতে আমার মন সায় দিল না।

কিছুদিনের মধ্যে স্কুলটি থেকে সেই বাংলাভাষী শিক্ষক যোগাযোগ করলেন। খরচের বিষয়ে বললেন, বছরে ১ লাখ বাথ বা ৪ লাখ টাকার মতো খরচ। যা এখানকার অন্য ইন্টারন্যাশনাল স্কুলগুলোর থেকে কিছুটা কম। গুগলে স্কুলের রিভিউ ভাল। ফেসবুকেও উচ্ছাস প্রকাশ করছেন অভিভাবকরা। ছেলেকে বাংলা শেখানোর লোভও হলো একবার। তবে এত দূরের পথ আমার লোভকে অতিক্রম করতে পারেনি।

এপ্রিলের ২ তারিখ, স্থানীয় পত্রিকার একটি সংবাদে চোখ পড়লো। ব্যাংককে প্রায়েত এলাকায় একটি অনিবন্ধিত ইন্টারন্যাশনাল স্কুলে স্থানীয় কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ১০ জন বিদেশি শিক্ষককে আটক করেছে। তবে এখানে গণমাধ্যমের নীতি অনুযায়ী স্কুলের নাম বা শিক্ষকদের নাম প্রকাশ করা হয়নি।

থাইল্যান্ডে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তবে বেশিরভাগই ব্যাংককের বাইরে। বিষয়টায় একটু খোঁজ নেওয়া শুরু করলাম।

সংবাদে জানানো হয়েছে, অনিবন্ধিত স্কুলটি বেশ কয়েক বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক, অর্থাৎ ষষ্ঠ শ্রেণি পর্যন্ত রয়েছে সেখানে। একশোরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। আটককৃত ১০ জন শিক্ষকের মধ্যে রয়েছে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি এবং নাইজেরিয়ার ব্যক্তি। তাৎক্ষণিকভাবে স্কুলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিভাবকদের স্কুল নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। দেশটির শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্কুলের নিবন্ধন যাচাইয়ের অনুরোধ করেছে।

৪ এপ্রিল ব্যাংককের সুকুমভিত এলাকায় দেখা হয় ওই প্রবাসী বাংলাদেশির সঙ্গে। জানালেন, খুব বিপদে পড়েছেন। ২ তারিখ হঠাৎ করে সন্তানদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে। জানা গেল, এই স্কুলটাই স্কলার্স গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল। চলতি বছরে অন্যান্য স্কুলের ভর্তিও সম্পন্ন। আমার সঙ্গে যোগাযোগ করা সেই বাংলাদেশি শিক্ষককেও আটক করা হয়েছে।

এই ঘটনায় বেশ নাড়াচড়া দিয়ে উঠেছে থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়। ওই শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং সারা দেশে এই ধরনের অভিযানের ঘোষণা দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষক অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. আমনওয়াম উইরাথামো, শিক্ষক হিসেবে অবৈধ অভিবাসীদের বিষয়টিতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আমার শুধুই মনে হচ্ছে, অল্পের জন্য বেঁচে গেলাম!

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD