রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

কুষ্টিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২৮৭ জনকে আসামি করে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ৪:৪৭ am

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।

রোববার (৯ জুন) বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে গত শনিবার সন্ধ্যায় আটটি অবিস্ফোরিত ককটেল ও ২৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অন্যদিকে, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। মামলায় গ্রেপ্তার ব্যক্তির নাম সাদিকুর রহমান (৬৩)। তিনি মামলার প্রধান আসামি ও স্থানীয় ইউপি সদস্য। সদর উপজেলার কবুরহাট মিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

মামলায় জেলা বিএনপির সহসভাপতি বশিরুল আলম চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ ৩৭ জনের নাম উল্লেখ করা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের অনুমতি না নিয়েই গত শনিবার কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD