মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ইনার সার্কুলার সড়কের নাম ‘ফজলুল হক মণি সরণি’ নামকরণ অনুমোদন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ৭:২১ am

রায়ের বাজার স্লুইচ গেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ নামকরণের অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, সোমবার (১০ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৮ সারির রায়ের বাজার স্লুইচ গেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নতুন এ নামকরণ সম্পর্কিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা উপ-কমিটির গত ১৩ মে অনুষ্ঠিত সভার সুপারিশ, বিগত ২০ মে’র দ্বিতীয় পরিষদের ২৫তম কর্পোরেশন সভায় গৃহীত সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের গত ৩০ মে’র স্মারক মোতাবেক প্রাপ্ত অনুমোদনের পরিপ্রেক্ষিতে সড়কটির নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ নামকরণ করা হয় বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘রায়ের বাজার স্লুইচ গেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার’ প্রকল্পসহ চারটি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন), ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ (ফুটপাত), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস), ৩টি পথচারী পারাপার সেতু (ওভারব্রিজ), দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল (রিটেইনিং ওয়াল), তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান (বাস-বে) ও ছয়টি যাত্রী ছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মুখপাত্র আবু নাছের।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD